দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জালিয়াতির ঘটনা ঘিরে সৃষ্ট বিতর্কের জেরে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। বৃহস্পতিবার দেশটির বার্ষিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনুং’-এ এআইনির্ভর জালিয়াতি ঠেকাতে শেষ মুহূর্তে নেওয়া পদক্ষেপের কারণে সৃষ্ট বিভ্রান্তির দায় স্বীকার করে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের বরাতে রোববার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি। চোই বলেন, ‘মন্ত্রী হিসেবে আমি মনে করি, আগেভাগে প্রস্তুতি নিতে ব্যর্থ হওয়ার সমালোচনা এড়ানোর সুযোগ আমার নেই। পরীক্ষা শেষ হওয়ার পর আমি গভীর দায়বদ্ধতা অনুভব করছি এবং পদত্যাগের প্রস্তাব দিচ্ছি।’
পরে শিক্ষামন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। তিনি আগে থেকেই দেশটির প্রচলিত পরীক্ষা পদ্ধতিতে সংস্কারের আহ্বান জানিয়ে আসছেন।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ বছরের সুনুং পরীক্ষায় প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ১১১ জনের কাছে অননুমোদিত স্মার্ট ডিভাইস পাওয়া গেছে।
প্রতিযোগিতাপূর্ণ এই পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতির অভিযোগ ওঠার পর কয়েক সপ্তাহ ধরেই উদ্বেগ বাড়ছিল। গত সপ্তাহে জাতীয় কর হিসাবরক্ষণ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া হান ওন-সক জালিয়াতির কথা স্বীকার করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
গত এপ্রিলে অনুষ্ঠিত ওই পরীক্ষার ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটিতে ভুল করেছিলেন ৩৪ বছর বয়সী হান। অস্বাভাবিক এই ফল নিয়ে সন্দেহ তৈরি হলে তিনি এক ভিডিও বার্তায় জানান, ক্ষুদ্র ক্যামেরা দিয়ে পরীক্ষার প্রশ্নের ছবি তুলে এআইয়ের কাছে পাঠাতেন। পরে স্মার্টফোনে উত্তর যাচাই করে জালিয়াতি করতেন।
তার স্বীকারোক্তির পর সুনুং পরীক্ষার মাত্র কয়েক দিন আগে জালিয়াতি ঠেকাতে জরুরি ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে পরীক্ষার দিন দেশজুড়ে মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টার মধ্যে তিন দফায় এসব সতর্কবার্তা পাঠানো হয়। এতে পুরো দেশের মোবাইল ফোন একসঙ্গে বেজে ওঠে। এমনকি ফোন নীরব অবস্থায় থাকলেও এবং ডেটা রোমিং ব্যবহারকারী পর্যটকদের ফোনেও সতর্কবার্তা পৌঁছায়। তবে ফোন বন্ধ বা এয়ারপ্লেন মোডে থাকলে সেগুলো বেজে ওঠেনি।
পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে দক্ষিণ কোরিয়ার জাতীয় দুর্যোগ সতর্কতা ব্যবস্থা ব্যবহারের ঘটনা এটিই প্রথম।
এ ছাড়া পরীক্ষার্থীদের শার্ট ও জ্যাকেটের বোতাম ঢেকে রাখতে বলা হয়, যাতে সেগুলোর মধ্যে লুকানো ক্যামেরা ব্যবহার করা না যায়। চশমাও পরীক্ষা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তবে এসব কঠোর ব্যবস্থায় সৎ পরীক্ষার্থীদের মধ্যেও সন্দেহ ও উদ্বেগ তৈরি হয়। পরীক্ষা শুরুর আগে এক উচ্চমাধ্যমিক শিক্ষার্থী ‘কোরিয়া টাইমস’কে জানায়, তার মোটা ফ্রেমের চশমাকে স্মার্ট গ্লাস ভেবে ভুল করা হতে পারে বলে সে উদ্বিগ্ন। আরেক পরীক্ষার্থী ইয়োনহাপকে জানায়, সাধারণত চশমা পরলেও সন্দেহ এড়াতে সুনুং পরীক্ষার দিন কন্টাক্ট লেন্স ব্যবহার করেছে।
দক্ষিণ কোরিয়ায় ‘সুনুং’ পরীক্ষা প্রায় নয় ঘণ্টা ধরে চলে। দেশটির লাখো শিক্ষার্থীর উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ পেশাজীবনের পথ নির্ধারণে এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সূত্র: বিবিসি
এমএস/